সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা
গাইবান্ধার সাঘাটায় বিএনপির সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখা।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বোনারপাড়া দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইনের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা সেক্রেটারি আব্দুল গফুর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ জুন বোনারপাড়া ইউনিয়নে ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। একই ঘটনায় জামায়াত কর্মী সালাউদ্দিন গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা এবং আহত কর্মীর দ্রুত সুস্থতা কামনা করেন।
আব্দুল গফুর অভিযোগ করেন, ঘটনার পরদিন ২২ জুন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী ও সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ এক সংবাদ সম্মেলনে জামায়াতের উপজেলা আমির ও যুব বিভাগের সভাপতির নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, লুটপাট এবং পরবর্তীতে বাড়িঘরে অগ্নিসংযোগের অভিযোগ তোলেন।
বিএনপি নেতাদের উত্থাপিত এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দাবি করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো আইনবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে বিশ্বাস করে না এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।
তিনি আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও এলাকার শান্তি-শৃঙ্খলার স্বার্থে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সাথে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাইফুল্লাহ বারী হত্যা ও সালাউদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক এনামুল হকসহ জামায়াত ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



