নিখোঁজের পাঁচ দিন পর হাসান (৩০) নামের এক যুবকের লাশ বুড়াগৌরাঙ্গ নদের গ্যাস ফিল্ড এলাকা থেকে উদ্ধার করেছে স্থানীয় জনতা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত হাসান গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের নুরু হাওলাদারের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) হাসান বিয়ের জন্য মেয়ে দেখার উদ্দেশে চরকাজল এলাকায় যান। বিকেলে মেয়ে দেখে বাড়ি ফেরার পথে লঞ্চঘাট পল্টুনে পৌঁছানোর পর পা ধোয়ার জন্য বালতি দিয়ে পানি ওঠানোর সময় হাসান ছিটকে বুড়াগৌরাঙ্গ নদে পড়ে যান। স্থানীয় জনতা, আত্মীয়-স্বজন ও বিভিন্ন সংস্থার লোকজন খোঁজাখুঁজি করে পাঁচ দিনেও তার সন্ধান মেলেনি।
স্থানীয় জনতা জানান, লাশটি বিকৃত হয়ে গেছে। নৌ-পুলিশ লাশটি সুরতহাল করবে বলে চরকাজল ফাঁড়ির এসআই কামাল হোসেন নিশ্চিত করেছেন।



