চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বেতবাড়ীয়া কুঠিপাড়া গ্রামে শরিফুল ইসলামের বসতঘরে অভিযান চালায়। এ সময় দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বেতবাড়ীয়া কুঠিপাড়া গ্রামের ইসাহক আলীর ছেলে মো: শরিফুল ইসলামকে (৩৬) গ্রেফতার করা হয়।
পৃথক অভিযানে, উপপরিদর্শক (এসআই) মো: এস এম নিয়ামুল হক ও উপপরিদর্শক (এসআই) মো: তাইজুল ইসলাম একাধিক স্থানে অভিযান চালিয়ে রাধিকাগঞ্জ গ্রামের আব্দুর রহিমের ছেলে মো: আব্দুল আলীম (৩৮) ও আঠারখাদা গ্রামের মো: রাশিদুল হকের ছেলে মো: সজিব হাসানসহ (২৩) আরো চার আসামিকে গ্রেফতার করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, উদ্ধার করা আলামত বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতার করা আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



