গোপালগঞ্জের মুকসুদপুরে হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ রাকিব শেখ (২৫) নামে এক ভূয়া পুলিশকে আটকের পর থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আটক রাকিব শেখ উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাটড়া গ্রামের মরহুম হাই শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশের ইউনিফর্ম পরে রাকিব উপজেলার বনগ্রামে গগন বালা নামে একজনের বাড়িতে ঘরে ঢুকে বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখান। সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা খেলনা পিস্তল, হ্যান্ডকাফ ও একটি ছুরি পাওয়া যায়। পরে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাকিব নামে একজনকে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, একটি পুলিশের ইউনিফর্ম ও একটি ছুরি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’



