হোসেনপুরে ছুরিকাঘাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত

মঙ্গলবার তারাবির নামাজের পর একই এলাকার নুরু মিয়ার ছেলে রিয়াদ (২২), আব্দুস সালামের ছেলে নাঈম মিয়া (২১) ও বকুল মিয়ার ছেলে আরমানসহ অজ্ঞাত পরিচয়ের আট থেকে ১০ জন স্থানীয় যুবক হঠাৎ নিহতের বাড়ি-ঘরের টিনের চালায় ইট-পাটকেল নিক্ষেপ ও ঘরের বেড়া ভাঙচুর করে। এ সময় শুভ ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে রিয়াদের হাতে থাকা ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে শুভর গলা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

জাহাঙ্গীর আলম, হোসেনপুর (কিশোরগঞ্জ)

Location :

Hossainpur
নিহত শুভ
নিহত শুভ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের হোসেনপুরে তুচ্ছ ঘটনার জেরে স্থানীয় যুবকের ছুরিকাঘাতে মো: শুভ মিয়া (২১) নামের এক প্রবাসীর ছেলে নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বলিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শুভ একই এলাকার সৌদি প্রবাসী সাদিকুল ইসলামের একমাত্র ছেলে।

পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, মঙ্গলবার তারাবির নামাজের পর একই এলাকার নুরু মিয়ার ছেলে রিয়াদ (২২), আব্দুস সালামের ছেলে নাঈম মিয়া (২১) ও বকুল মিয়ার ছেলে আরমানসহ অজ্ঞাত পরিচয়ের আট থেকে ১০ জন স্থানীয় যুবক হঠাৎ নিহতের বাড়ি-ঘরের টিনের চালায় ইট-পাটকেল নিক্ষেপ ও ঘরের বেড়া ভাঙচুর করে। এ সময় শুভ ঘর থেকে বের হয়ে তাদের বাধা দিলে রিয়াদের হাতে থাকা ছুরি জাতীয় ধারালো অস্ত্র দিয়ে শুভর গলা ও মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা শুভকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন জানান, শুভর রমজান মাসেই সৌদি আরব যাওয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ভিসা ও পাসপোর্টের কাজ শেষ করে তিনি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার মায়ের ইচ্ছে ছিল, ছেলে যেন পরিবারের সাথে ঈদ উদযাপন করে তারপর বিদেশে যায়। কিন্তু সেই আশা আর পূরণ হলো না।

এ ব্যাপারে হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন বোস জানান, নিহত শুভর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।