চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা শিপইয়ার্ডে কাজ করছিলেন। হঠাৎ সেখানে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এরপর তাদের হাসপাতালে নেয়া হলে প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করা হয়। পরে হাসপাতালে আরো দুইজন মারা যান। অন্যদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে সেফটি টিমের কয়েকজন সদস্য গ্যাস লিকেজ পরীক্ষা করতে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে। এখন পর্যন্ত পাঁচ শ্রমিকের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, পাঁচজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। অন্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। গ্যাস লিকেজে চারজনের মৃত্যুর তথ্য পেয়েছেন। হাসপাতালে আরো কেউ মারা যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানান, ১০ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন। বাকিদের সর্বশেষ অবস্থা তখনও জানা যায়নি।



