ঝালকাঠিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের জেলা আহ্বায়কসহ যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (২৯ জুন) ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক এইচ এম কবির হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝালকাঠির থানার মামলায় পুলিশ তদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ সদস্য শাহজাদা মহসিন পরাগ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব রুবেল এবং কির্ত্তীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুস শুক্কুর মোল্লা।
এদের মধ্যে আব্দুস শুক্কুর মোল্লা ঝালকাঠির একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঝালকাঠির আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে, ১৯ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা জোনের পুলিশ তাদেরকে পিজি হাসপাতালের সামনে থেকে চার আসামিকে গ্রেফতার করে। নিউমার্কেট থানার জুলাই হত্যা মামলার আসামি হিসেবে পুলিশ পরিদর্শক মো: সুজন হক তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে সোপর্দ করলে, আদালত তাদেরকে কারাগারে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা বিভাগের (ডিবি) রমনা জোনাল টিমের ইন্সপেক্টর মো: সুজন হক জানান, ঢাকার কামরাঙ্গির চর এলাকার আয়েশা বেগমের ছেলে শাহজাহান আলী (২৪) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসামিকে শাহবাগ থানার পিজি হাসপাতালের (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) সামনে থেকে গ্রেফতার করা হয়। ১৯ জুন সকালে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ওসি মাহমুদ হাসান জানান, ঝালকাঠি যুবলীগের চার নেতাকে ঢাকায় পুলিশ গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে ঝালকাঠি থানায় দায়ের করা মামলার তথ্যও পাঠানো হলে তদেরকে গ্রেফতার দেখানো হয়। দাফতরিক প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে সোমবার ঝালকাঠিতে এনে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।



