জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুজানা আক্তারকে (২৩) হত্যার দায়ে স্বামী আমিনুল ইসলামকে (২৯) মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ারচর গ্রামের আমিনুল ইসলামের সাথে ২০১৮ সালে পারিবারিকভাবে সুজানা আক্তারের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্বামী আমিনুল স্ত্রী সুজনাকে যৌতুকের জন্য মাঝে মধ্যেই নির্যাতন করতেন। বিগত ২০২২ সালের ২৪ এপ্রিল আমিনুল ইসলাম স্ত্রী সুজনা আক্তারকে বাবার বাড়ি ২০ হাজার টাকা যৌতুক আনতে চাপ দেন। কিন্তু সুজনা যৌতুক আনতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আমিনুল তাকে বেধরক মারপিট করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ এপ্রিল তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা সুরুজ মিয়া দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষ আদালতে ১৩ জন সাক্ষী উপস্থাপন করেন।
এছাড়া আসামি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আমিনুর স্ত্রী সুজনা আক্তারকে হত্যার কথা স্বীকার করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক সন্তুষ্টি প্রকাশ করেন।



