সিলেট সদর উপজেলার কল্লগ্রাম ও খাদিমপাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে খাল ভরাট করার অভিযোগে মো: আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত দু’টি ড্রেজারও জব্দ করা হয়।
সোমবার (৯ মার্চ) সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনূর রুবাইয়াৎ।
অভিযান সূত্রে জানা যায়, আব্দুল হান্নান অবৈধভাবে পাশবর্তী কৃষি জমির টপ সয়েল কেটে হৈরোখাল নামক খাল ভরাট করছিলেন। এতে একদিকে যেমন কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, অন্যদিকে খাল ভরাটের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়ে স্থানীয় পরিবেশ ও পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়ছিল।
ঘটনাস্থলে যাচাই-বাছাই করে দেখা যায়, অভিযুক্ত হান্নান ওই জমিতে কোনো বৈধ মালিকানা কিংবা মাটি কাটা ও ভরাটের অনুমতিপত্র নেই। এ ঘটনায় পরিবেশ ও ভূমি আইন লঙ্ঘনের দায়ে হান্নানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এ বিষয়ে ইউএনও খোশনূর রুবাইয়াৎ বলেন, ‘পরিবেশ সংরক্ষণ, কৃষিজমি রক্ষা এবং প্রাকৃতিক জলপ্রবাহ স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’



