তুচ্ছ ঘটনার জেরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে বেদে সম্প্রদায়ের একদল লোকের সংঘবদ্ধ হামলা ও ভাংচুরের ঘটনায় এক পর্যটক ও চারজন রেস্তোরাঁর স্টাফসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিমুলিয়া ঘাটের দাদা ভাই ফাস্ট ফুড ও এর আশপাশের দোকানে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে বেদে সম্প্রদায়ের কয়েকজন লোক দাদা ভাই ফাস্ট ফুডে গিয়ে জুসের অর্ডার দেন। অর্ডার দেয়াকে কেন্দ্র করে রেস্তোরাঁর কর্মচারীদের সাথে তাদের কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলে তারা চলে যান।
কিছু সময় পর পাশের বেদে পল্লী থেকে শতাধিক লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধভাবে এসে দাদা ভাই ফাস্ট ফুডসহ কয়েকটি রেস্তোরাঁয় হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় রেস্তোরাঁর চারজন স্টাফ ও রাব্বি (২৪) নামে এক পর্যটক আহত হন। একপর্যায়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
পদ্মা সেতু উত্তর থানার ওসি সৈয়দ আক্তার হোসেন নয়া দিগন্তকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পর্যটকদের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির বিষয়টি মাথায় রেখেই সর্বাধিক গুরুত্ব নিয়ে থানা পুলিশ কাজ করছে।
তিনি আরো জানান, বর্তমানে ঘাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী হোটেল মালিকের পক্ষ থেকে একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।



