গাজীপুরকে স্মার্ট ও দুর্যোগ-সহনশীল নগর গড়তে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা

পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সুরক্ষা ও নাগরিক সেবার মানোন্নয়নে গাজীপুরকে আধুনিক, টেকসই ও দুর্যোগ-সহনশীল মহানগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরকে স্মার্ট ও দুর্যোগ-সহনশীল নগর গড়তে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা
গাজীপুরকে স্মার্ট ও দুর্যোগ-সহনশীল নগর গড়তে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা |নয়া দিগন্ত

পরিকল্পিত নগরায়ণ, পরিবেশ সুরক্ষা ও নাগরিক সেবার মানোন্নয়নে গাজীপুরকে আধুনিক, টেকসই ও দুর্যোগ-সহনশীল মহানগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) সভার পাশাপাশি মূলধন বিনিয়োগ পরিকল্পনা (সিআইপি), সিআরএপি প্রস্তুতি ও ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি) বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত কর্মসূচিতে নগর উন্নয়নের অগ্রাধিকার নির্ধারণে নাগরিক অংশগ্রহণ, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ ও দুর্যোগ ঝুঁকি কমানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সিএলসিসি সভায় আগামী অর্থবছরের বাজেট, সংশোধিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা (আরআইডিপি), চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ নগর পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

সভায় সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ২০২৬-২৭ অর্থবছরের সম্ভাব্য বাজেটের আয়-ব্যয় কাঠামো, উন্নয়ন ব্যয় ও রাজস্ব আহরণের পরিকল্পনা তুলে ধরেন।

পরে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন স্থিতিস্থাপক নগর ও আঞ্চলিক উন্নয়ন প্রকল্প (আরইউডিপি), এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় নগরীর দীর্ঘমেয়াদি উন্নয়ন রূপরেখা নিয়ে কাজ করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় রাস্তাঘাট, আধুনিক ড্রেনেজ, জলাবদ্ধতা নিরসন, সবুজায়ন, গণপরিবহন, উন্মুক্ত স্থান সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিভিন্ন সুপারিশ উঠে আসে।

সভাপতির বক্তব্যে প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, ‘নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নগর উন্নয়ন পরিকল্পনা দীর্ঘমেয়াদে সফল হতে পারে না। সমন্বিত পরিকল্পনা ও অংশীদারিত্বের মাধ্যমে গাজীপুরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলা হবে।’

প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ তানজিলা খানম বলেন, ‘নাগরিকদের মতামতের ভিত্তিতে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে, যা গাজীপুরকে স্মার্ট, টেকসই ও জলবায়ু-সহনশীল নগরে রূপান্তরে সহায়ক হবে।’

কর্মশালায় সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।