ফেনীর দাগনভূঞা উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল দীর্ঘদিন ধরে লোকবল সঙ্কটে কার্যক্রম চালাচ্ছে। মঞ্জুরিকৃত ১১টি পদের মধ্যে ছয়টি শূন্য থাকায় মাত্র পাঁচজন কর্মী দিয়ে গুরুত্বপূর্ণ এই সেবা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ফলে উপজেলার হাজারো পশুপালক ও খামারি বিপাকে পড়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্য অনুযায়ী, তিনজন ভেটেরিনারি ফিল্ড সহকারী, একজন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং একজন অফিস সহায়কের পদ শূন্য রয়েছে। এসব পদে লোক না থাকায় মাঠ পর্যায়ের টিকাদান কর্মসূচি ও ক্যাম্পেইনসহ অফিস কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সেবা না পেয়ে অনেক খামারি বাধ্য হয়ে বেসরকারি চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন, যা ক্ষুদ্র খামারিদের জন্য বাড়তি আর্থিক চাপ তৈরি করছে।
স্থানীয় খামারি সিরাজুল ইসলাম মিন্টু জানান, পশু অসুস্থ হলে সরকারি হাসপাতালে লোক পাওয়া যায় না, তাই বেসরকারি চিকিৎসকের কাছে যেতে হয়। জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগ না হলে ক্ষুদ্র খামারিরা বড় ক্ষতির মুখে পড়বেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা বলেন, প্রায় ১৫ হাজার গরু, সাত হাজার ছাগল এবং তিন লক্ষাধিক হাঁস-মুরগির চিকিৎসা নিশ্চিত করতে মাত্র পাঁচজন কর্মী নিয়ে কাজ করতে হচ্ছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে খামারিদের স্বার্থ রক্ষা করবে।



