বিজিবি সদস্যকে মারধর করে স্বর্ণালঙ্কার ও টাকা ছিনতাই, গ্রেফতার ১

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর কলেজ গেটের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

Location :

Chattogram
মারধর ও ছিনতাইয়ের শিকার বিজিবি সদস্য মিরসরাই থানায় মামলা দায়ের করেন
মারধর ও ছিনতাইয়ের শিকার বিজিবি সদস্য মিরসরাই থানায় মামলা দায়ের করেন |নয়া দিগন্ত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি থেকে উপজেলা সদরে যাওয়ার পথে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নারী সদস্য বিবি সাবেরাকে (২৬) মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো: হক সাহেব ওরফে আবুল খালেক (৪০) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর কলেজ গেটের উত্তর পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী বিবি সাবেরার কর্মস্থল খাগড়াছড়ি জেলার গুইমারা বিজিবি হাসপাতালে।

ছিনতাইকারীরা তাকে খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব দুয়ারু এলাকায় ফেলে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় মো: হক সাহেব প্রকাশ আবুল খালেককে গ্রেফতার করে মিরসরাই থানা পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি ব্রেসলেট ও একটি রুপার আংটি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার হক সাহেব নোয়াখালীর সুধারাম থানার ধর্মপুর ইউনিয়নের বাসিন্দা।

ভুক্তভোগী বিবি সাবেরা জানান, তিনি সকালে ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ এলাকা থেকে মিরসরাই পৌরসদরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় চালকসহ কয়েকজন যাত্রী ছিলেন।

নিজামপুর কলেজ গেটের উত্তর পাশে পৌঁছালে অটোরিকশার গতি কমিয়ে কয়েকজন যাত্রী নেমে যান। এ সময় নেমে যাওয়া যাত্রীদের একজন তাকে ধাক্কা দিয়ে অটোরিকশার ভেতরে ঠেলে দেন। পরে আরেকজন তার কোলে বসে পড়েন। তিনজন মিলে তার হাত ও মুখ চেপে ধরে মারধর করেন। এসময় ছিনতাইকারীরা তার চোখ ও মুখে মলম জাতীয় পদার্থ লাগিয়ে দেয়।

এরপর ছিনতাইকারীরা দুটি স্বর্ণের দুল, দুটি স্বর্ণের আংটি, একটি ইমিটেশনের ব্রেসলেট ও একটি রুপার আংটি এবং ব্যাগে থাকা চার হাজার ৫০০ টাকা নিয়ে যায়।

পরে ছিনতাইকারীরা তাকে খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব দুয়ারু এলাকায় ফেলে যাওয়ার ভুক্তভোগী বিজিবি সদস্যদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আবুল খালেককে আটক করা হয়। অজ্ঞাতনামা বাকিরা অটোরিকশা নিয়ে পালিয়ে যান।

খবর পেয়ে মিরসরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল খালেককে হেফাজতে নেয়। পরে তাঁর দেহ তল্লাশি করে বিজিবি সদস্য বিবি সাবেরার শনাক্ত করা একটি ইমিটেশনের ব্রেসলেট ও একটি রুপার আংটি উদ্ধার করা হয় এবং চিকিৎসার জন্য তাকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বিবি সাবেরা গ্রেফতার মো: হক সাহেব প্রকাশ আবুল খালেকসহ অজ্ঞাত পরিচয় আরো তিনজনের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করেছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় বিজিবি সদস্য বিবি সাবেরা গ্রেফতার মো: হক সাহেব প্রকাশ আবুল খালেকসহ অজ্ঞাতপরিচয় আরো তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।