দুর্গন্ধ ও মাছি সন্ধান দিলো অজ্ঞাত লাশের

গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানাধীন হাজিরপুকুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ওই ফাঁকা স্থানকে ঘিরে প্রচুর মাছি উড়তে দেখেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ফাঁকা স্থানের কাছে গিয়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

দুর্গন্ধ ও মাছি এক অজ্ঞাত পরিচয় যুবকের (৪০) লাশের সন্ধান দিয়েছে। গাজীপুরে একটি নির্মাণাধীন ফুটওভার ব্রিজের লিফটে ওই যুবকের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর হাজিরপুকুর এলাকার নির্মানাধীন একটি ফুটওভার ব্রিজের লিফটের ফাঁকা স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

যুবকের পরনে কালো প্যান্ট ও গায়ে সোয়েটার ছিল। তাৎক্ষণিকভাবে উপস্থিত এলাকাবাসী ও লোকজনের কেউ তার পরিচয় জানাতে পারেনি।

স্থানীয়রা জানান, গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানাধীন হাজিরপুকুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। ওই ফাঁকা স্থানকে ঘিরে প্রচুর মাছি উড়তে দেখেন স্থানীয় এলাকাবাসী ও পথচারীরা। পরে এলাকাবাসীর সন্দেহ হলে তারা ফাঁকা স্থানের কাছে গিয়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা মাছি উড়তে দেখে এবং দুর্গন্ধের পিছু নিয়ে লাশ শনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।

তিনি আরো জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।