ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

মৃতরা হলেন— ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা দু’জনই পেশায় কৃষক ছিলেন।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন— ভাট্টা গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে তাইজ উদ্দিন (৪০) ও মৃত মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)। তারা দু’জনই পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাইজ উদ্দিন বাড়ির পাশে ধানের খড় শুকানোর কাজ করছিলেন। এ সময় ঝড়ো বাতাসে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তার খড়ের নিচে চাপা পড়ে ছিল। অসাবধানতাবশত তিনি সেই তারে স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এসময় পাশ দিয়ে মাঠে কাজে যাওয়ার পথে প্রতিবেশী আরশব আলী ঘটনাটি দেখে তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার এসআই মো. আবুল বাশার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।