গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুনে পুড়েছে ৮ দোকান ও বসতবাড়ি

কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি

কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
আগুনে ক্ষয়ক্ষতির একাংশ
আগুনে ক্ষয়ক্ষতির একাংশ |নয়া দিগন্ত

গাজীপুরের কাপাসিয়া বাজারে অগ্নিকাণ্ডে আটটি দোকান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে কাপড়সহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি বলে ধারণা করা হচ্ছে।

রোববার (১২ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে কাপাসিয়া বাজারের মসজিদ মার্কেটে এ ঘটনা ঘটে।

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন জানান, আব্দুল কাইয়ুমের দুটি দোকানে প্রায় ২০ লাখ টাকা, আজাহার আলীর কাপড়ের দোকানে ১৫ লাখ টাকা, সরোয়ার হোসেনের কাপড়ের দোকানে ২৫ লাখ টাকা, সাবিরের কাপড়ের দোকানে ২০ লাখ টাকা এবং আবুল কাশেমের বসতবাড়িতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া মোহাম্মদ রাসেলের পাওয়ারি দোকানের কিছু মালামাল রক্ষা করা গেলেও প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সিপুর গোডাউনের প্রায় ২ লাখ টাকার মালামালও আগুনে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে কাপাসিয়া বাজার জামে মসজিদেরও আংশিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে অন্তত আটটি দোকানের মালামাল পুড়ে যায়।

তিনি আরো বলেন, ‘আগুনে কাপড়সহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে ফায়ার সার্ভিস, পুলিশ ও বাজার ব্যবসায়ী সমিতি যৌথভাবে কাজ করছে।’