বেনাপোলে ছিনতাইয়ের অভিযোগে ৩ প্রতারক আটক

যশোরের বেনাপোল চেকপোস্টে ছিনতাইয়ের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পাসপোর্টধারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
বেনাপোলে ছিনতাইয়ের অভিযোগে ৩ প্রতারক আটক
বেনাপোলে ছিনতাইয়ের অভিযোগে ৩ প্রতারক আটক |নয়া দিগন্ত

যশোরের বেনাপোল চেকপোস্টে ছিনতাইয়ের অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী পাসপোর্টধারীর লিখিত অভিযোগের ভিত্তিতে আস্তানায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে সুশান্ত কুমার মজুমদার নামে পাসপোর্টধারী এক যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতরেবের ছেলে আতিকুর রহমান ও শাহাজানের ছেলে রুবেল হোসেন।

সুশান্ত কুমার মজুমদার জানান, তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে বাস থেকে বেনাপোল চেকপোষ্টে নামেন। এসময় পাসপোর্টে দ্রুত কাজ করে দেয়ার কথা বলে চার-পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে ঘিরে ধরে। এক পর্যায়ে তাকে প্রতারকদের আস্তানায় যেতে বাধ্য করা হয়। এসময় তাকে জিম্মী করে সাথে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ প্রতারকদের মধ্য থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে বেনাপোল ইমিগ্রেশন ও চেকপোস্ট এলাকায় যাত্রীদের টার্গেট করে নানা কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছিল। সবশেষ এক পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে।

স্থানীয়দের দাবি, অসহায় যাত্রীদের জিম্মি করে প্রতিনিয়ত লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। অনেকে এ চক্রের হাতে জীবনও হারিয়েছে। এমনকি চেকপোস্টে কর্তব্যরত আনসার ও পুলিশের সদস্যদের বিরুদ্ধে ছিনতাইকারীদের কাছ থেকে নিয়মিত ভাগ নেয়ার অভিযোগও রয়েছে।

স্থানীয় রাজনীতিবিদ ও ব্যবসায়ী মহল বহুবার এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানালেও কার্যকর উদ্যোগের অভাব রয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের মতে, সরকার পরিবর্তনের সাথে সাথে চক্রটি দল বদল করে একইভাবে প্রতারণা চালিয়ে যাচ্ছে।

এদিকে অভিযোগ রয়েছে, প্রতারকরা প্রতিদিন পাসপোর্টধারীদের আটকে টাকা ও সাথে থাকা মুর্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে। অপরাধ দমনে সীমান্তে সরকারের বিভিন্ন সংস্থ্যা ও আইন শৃঙ্খলা বাহীনির তদারকি থাকলেও তাদের দূর্বল নিরাপত্তা ব্যবস্থা কোনো কাজে আসছে না।

তারা আরো জানান, দেশের গুরুত্বপূর্ণ এলাকা ও ভারতে যাওয়ার প্রধান ফটক বেনাপোল চেকপোষ্ট। এ পথে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার যাত্রী যাতায়াত করে। আর ওইসব যাত্রীদের এক শ্রেণির ছিনতাইকারী লাইনের আগে অনলাইন ট্যাক্স, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কষ্ট করতে হবে না এসব প্রলোভন দেখিয়ে নিয়ে আসে তাদের নির্দিষ্ট ঘরে।

তারপর অনলাইন ফর্ম পূরণ এবং টাকার নাম্বার লিখতে হবে, না লিখলে কাস্টমস আটক করবে বলে নানা ভাবে দুর দুরান্ত থেকে আসা যাত্রীদের বুঝিয়ে তাদের কাছে থাকা টাকা গুনতে গুনতে পাসপোর্ট যাত্রীর অগোচরে ফেলে দেয় টেবিলের নীচে। এভাবে প্রতিনয়ত সাধারণ এসব যাত্রীদের টাকা ছিনতাই করছে এ চক্রগুলো।

দিনে দুপুরে এমন ঘটনা প্রতিদিনই ঘটায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।