শ্যামনগরে একই পরিবারের ১০জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Location :

Satkhira

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে গরুর ঘাস খাওয়ানোর জন্য বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ১০ জন গুরুতর জখম হয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামের গীতা রানী গাইন, রণজিৎ গাইন, শিবপদ গাইন, ধর্মদাস গাইন, বিষ্ণুপদ গাইন, রবীন্দ্রনাথ গাইন, অনিমেষ গাইন, ইন্দ্রজিৎ গাইন, সুরেন গাইন ও কৌশল্যা গাইন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জেলেখালি গ্রামের কৃষ্ণপদ গাইনের স্ত্রী গীতা রানী গায়েন জানান, জমি নিয়ে তাদের সাথে পার্শ্ববর্তী মথুরাপুর গ্রামের আব্দুল মজিদ পাইকের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। স্থানীয়ভাবে সালিম বৈঠক হলেও প্রতিপক্ষ সালিশের সিদ্ধান্ত মানেনি। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি গরুর ঘাস খাওয়ানোর জন্য নিজেদের জমিতে নিয়ে যাওয়ার সময় আব্দুল মজিদ ও তার ছেলে চোরাকারবারি হাসান পাইকসহ কয়েকজন বাধা দেন। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার একপর্যায়ে তার মাথায় কোপ মেরে জখম করা হয়।

খবর পেয়ে তার পরিবারের সদস্য রণজিৎ গায়েন, শিবপদ গায়েন, ধর্মদাস গায়েন, বিষ্ণুপদ গায়েন, রবীন্দ্রনাথ গায়েন, অনিমেষ গায়েন, ইন্দ্রজিৎ গায়েন, সুরেন গায়েন ও কৌশল্যা গায়েন ছুঁটে এলে আব্দুল মজিদ পাইক, তার ছেলে হাসান পাইক ও হোসেন পাইক, ভাণ্ডারীর ছেলে জাহিদ হোসেন বাবু, ইসলাম গাজীর ছেলে বিল্লাল হোসেন, তার স্ত্রী খুকুমনি, হাসান পাইকের ছেলে মিলন পাইকসহ অজ্ঞাতনামা ১০/১২জন তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারিরা তাদের একটি স্মার্ট ফোন নিয়ে নেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আব্দুল মজিদ পাইক জানান, বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এতে তাদেরও দুইজন আহত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গাইন জানান, এটা একটি ববর্রোচিত হামলা। পরিষদ থেকে তাদেরকে দুই পক্ষকে বলা হয়েছিলো যে যার জায়গায় যে অবস্থায় আছে ওই ভাবে ঈদ পর্যন্ত থাকতে। ঈদের পরে জরিপ করে সমাধান করা হবে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালিদুর রহমান জানান, এ ঘটনায় রণজিৎ গায়েন বাদি হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।