গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রুনু রানী রায়কে হত্যার মামলায় প্রধান আসামি উত্তম চন্দ্র দাসকে (৫৭) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১।
আজ মঙ্গলবার ভোরে গাজীপুর সদর থানার জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে বিশেষ অভিযানে আটক করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) মো: পারভেজ রানা জানান, মামলার এজাহারনামীয় আসামি উত্তম চন্দ্র দাস দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৩ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, গত ২৩ অক্টোবর সকালে গাজীপুর সদর থানার উত্তর বিলাসপুর এলাকায় পারিবারিক কলহের জেরে উত্তম চন্দ্র দাস তার স্ত্রী রুনু রানী রায়কে (৪৭) গলায় লুঙ্গি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে তিনি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে পালিয়ে যান। খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরদিন নিহতের ভাই রনজিত লাল রাজভর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে র্যাব-১ বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করে। অবশেষে মঙ্গলবার সকালে বিশেষ অভিযানে জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উত্তম চন্দ্র দাসকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।



