পদ্মায় নিখোঁজের ২৫ ঘণ্টা পরও শিক্ষার্থীর সন্ধান মেলেনি

রোববার দুপুরে পদ্মায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে সেতুর ৪ নম্বর পিলারের কাছে নিখোঁজ হয় শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন (১৭)।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম
ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম |নয়া দিগন্ত

২৫ ঘণ্টা অতিবাহিত হলেও মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় নিখোঁজ শিক্ষার্থীর এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (৩০ মার্চ) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও মাওয়া নৌ পুলিশের একাধিক সূত্র। সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম।

এর আগে, রোববার দুপুর ২টার দিকে পদ্মায় বন্ধুদের সাথে গোসল করতে নেমে সেতুর ৪ নম্বর পিলারের কাছে নিখোঁজ হয় শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন (১৭)।

খবর পেয়ে ঢাকা থেকে আসা ডুবুরি দল ও স্থানীয় ফায়ার সার্ভিসের ছয় সদস্যের দু’টি ইউনিটসহ কোস্ট গার্ড সদস্যরা পদ্মায় উদ্ধার কাজ চালাতে থাকেন। গতকাল রোববার রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে উদ্ধার কার্যক্রম। সন্ধান না পাওয়ায় সোমবার সকাল ৭টা থেকে পুনরায় শুরু হয় উদ্ধার কার্যক্রম।

নিখোঁজ আরাফাত হোসেন পার্শ্ববর্তী উপজেলার কোলাপাড়া ব্রাহ্মণপাইকসা এলাকার মো: লতিফ মিয়ার ছেলে। তারা শ্রীনগর কলেজ গেট এলাকায় থাকতো।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম নয়া দিগন্তকে জানিয়েছেন, এখন পর্যন্ত নিখোঁজ আরাফাতের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো জানান, ঢাকা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দিয়ে সোমবার সকাল থেকে পুনরায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। নিখোঁজ আরাফাতের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত থাকবে।

এর আগে, রোববার ২টার দিকে শ্রীনগর থেকে চার বন্ধুসহ ওই শিক্ষার্থী পদ্মার চর থেকে নদীতে গোসলে নামে। একপর্যায়ে তারা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গেলে তিনজন সাঁতরে তীরে আসতে সক্ষম হয়। এ সময় পদ্মার স্রোতে তলিয়ে গিয়ে আরাফাত নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ঢাকার ডুবুরি দলসহ ফায়ার সার্ভিসের ছয় সদস্যের দু’টি ইউনিট উদ্ধার কার্যক্রম চালায়।