বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭১ সালের ব্যাপারে জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে বলার প্রতিউত্তরে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘৭১ সালে জামায়াতের একজন নেতাও জেলে যাননি, তারা কোনো বিচারের মুখোমুখি হননি; কিন্তু আপনার বাবা ৭১ সালে রাজাকার ছিলেন, তিনি বিচারের মুখোমুখি হয়েছেন, জেল খেটেছেন।
আমরা বলতে চাই, এর পরে জামায়াতে ইসলামীকে এ কথা বলবেন না।
যদি বলেন, আমরা বলব কবর থেকে উঠে আপনার বাবাকে ক্ষমা চাইতে হবে। তারা জামায়াতে ইসলামীকে আবার সেই পুরোনো ভাষায় অ্যাটাক করছেন। আমাদের কাছে কিন্তু উত্তর আছে, আমরা কোনো ধরনের অশান্তি বাংলাদেশে চাই না। সুতরাং আপনারা পাওয়ারে আছেন, এ দেশের জনগণের অধিকারের জন্য কাজ করবেন।
‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিত করার দাবিতে শনিবার (৪ জুলাই) বাদ আছর সাভার মডেল মসজিদের সামনে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং জামায়াত মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো: আফজাল হোসাইনের পরিচালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এ মন্তব্য করেন।
মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন আরো বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় কার্যক্রমে গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করা প্রয়োজন।’
তিনি বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন সময়ের দাবি। জুলাইয়ের গণআকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য ও সমন্বয় গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও দল মনোনীত সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, লেবার পার্টি এবং ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।



