নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত আসাদ মোল্যাকে (৪৮) গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
বুধবার (২৫ মার্চ) দুপুরে নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের উত্তর মহাজন গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুকে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে গণপিটুনির শিকার অভিযুক্ত আসাদকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বুধবার দুপুরে মেয়েটির বাবা-মাসহ অন্যরা বাড়ি ছিলেন না। এ সুযোগে প্রতিবেশী আসাদ ঘরে ঢুকে শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণ করে বলে জানতে পেরেছি। আত্মরক্ষার্থে শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে আসাদকে ধরে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।



