সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত

ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় নোয়াখালীগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কাইছার সৌরভ (৩৯) নামের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন।

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

Location :

Daganbhyan
সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত
সড়ক দুর্ঘটনায় দাগনভূঞা পৌরসভার সহকারী প্রকৌশলী নিহত |নয়া দিগন্ত

ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় নোয়াখালীগামী বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কাইছার সৌরভ (৩৯) নামের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ৩টার দিকে দাগনভূঞা পৌর এলাকার দাসপাড়া রোডের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

নিহত জুনায়েদ কাইছার চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ২০২০ সালের ১৫ অক্টোবর দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেছিলেন। এই ঘটনায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে পৌর এলাকার দাসপাড়ার ভাড়া বাসায় দুপুরের খাবার শেষ করে বেলা ৩টার দিকে মোটরসাইকেলযোগে দাগনভূঞা পৌর অফিসের উদ্দেশ্যে রওনা হন প্রকৌশলী জুনায়েদ। পথিমধ্যে দাসপাড়া রোডের মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী ‘বসুরহাট এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে মাটিতে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম জানান, ‘দুপুরে খাবার শেষ করে অফিসে ফেরার পথে দাসপাড়া রোডের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন আমাদের সহকারী প্রকৌশলী জুনায়েদ কাইছার সৌরভ। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।’

এ বিষয়ে জানতে চাইলে দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, বিষয়টি আমরা লোকমুখে শুনেছি। থানায় এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।