পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার খানাপিনা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখা।
ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডা: জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, উপজেলা নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতারুল আলম মাস্টার, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নান, এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মিসবাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম, এবি পার্টির উপজেলা সেক্রেটারি জুবায়ের আহমেদ জুয়েলসহ আরো অনেকে।
ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। সমাজে ন্যায়, ইনসাফ ও পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আয়োজকরা জানান, রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে।



