দাদি-ফুফু ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা যুবকের

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Faridpur Sadar
প্রতীকী ছবি

ফরিদপুর সদরে মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা অভিযুক্তের দাদি, ফুপু ও প্রতিবেশী।

সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তি ওই গ্রামের হারুন মোল্লার ছেলে আকাশ মোল্লা (৪০)। হত্যাকাণ্ডের শিকার তিনজন হলেন- অভিযুক্তের দাদি আমেনা বেগম (৭৫), ফুপু সালেহা বেগম (৫৫) ও প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)।

এই ঘটনায় রিয়াজুল ইসলাম (৩৮) নামে আরেক প্রতিবেশী আহত হয়েছেন। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: রাজ্জাক শেখ জানান, আজ রাত ১০টার দিকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আকাশ তার দাদি ও ফুপুকে হত্যা করে। এ সময় মারধর ঠেকাতে এলে প্রতিবেশী কাবুল চৌধুরীকেও পিটিয়ে হত্যা করে।

তিনি আরো জানান, আকাশ মানসিকভাবে অস্থির প্রকৃতির ছেলে। যখন তার মাথা ঠিক থাকে না, আবার কখনো সুস্থ স্বাভাবিক মানুষের মতোই আচরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে এসেছি। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত আকাশ পলাতক রয়েছে। আমরা তাকে আটক করার জন্য মাঠে একাধিক টিম কাজ করছি।’