জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের প্রধান পৃষ্টপোষক মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ‘বেকারত্ব মুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র-সমাজ গঠন এবং দৃশ্যমান পরিবর্তনের জন্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবকেরা জীবন ও রক্ত দিয়েছে।’
তিনি বলেছেন, ‘জামায়াত যুব সমাজের সেই প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচনে যুবসমাজকে তাদের সঠিক সিদ্ধান্তের জন্য সজাগ ও সতর্ক থাকতে হবে।’
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের যুব বিভাগ জালালাবাদ যুব ফোরাম আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, জাতীয় জীবনে যুবকদের অবদান অনস্বীকার্য। জুলাই গণঅভ্যুত্থানের পর যুব সমাজের প্রতি দেশবাসীর প্রত্যাশা আরো বেড়ে গিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, বিশ্বের বড় বড় পরিবর্তন এসেছে যুবকদের হাত ধরেই। আগামীর বাংলাদেশ গঠনে যুবকরাই অগ্রণী ভূমিকা রাখবে। তাই সুস্থ জাতি গঠনে যুবশক্তির বিকাশের জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে। যুবকদের ঐক্যবদ্ধ করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল করতে হবে।’
এ সময় ফোরামের উপদেষ্টা জাহেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি পারভেজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জালালাবাদ যুব ফোরাম সিলেট মহানগরের শাহপরান পূর্ব থানা আহ্বায়ক নিজাম উদ্দিন, শাহপরান পশ্চিম থানা আহ্বায়ক অলিউর রহমান সাদ্দাম, জালালাবাদ থানা আহ্বায়ক জুনাইদ আল হাবী ও কোতোয়ালি পশ্চিম থানা আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।



