ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন জানায়, উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রশাসনের অভিযান পরিচালনা করা হচ্ছে। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার তন্তর বাজারে এই অভিযান পরিচালনার সময় বেশি দামে গ্যাস বিক্রয় করার অভিযোগে স্থানীয় তাজ ট্রেডিং করপোরেশনকে এক লাখ টাকা ও মূল তালিকা দেখাতে না পারায় আমিন ইলেকট্রনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ জানান, আখাউড়া উপজেলার বিভিন্ন বাজার-হাটে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ বেআইনিভাবে ব্যবসা করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



