অষ্টগ্রামে নৌকাডুবিতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বুধবার বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
অষ্টগ্রামে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস
অষ্টগ্রামে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস |প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওর থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ কৃষি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টার দিকে কালনী নদীর নূরপুর গ্রামের পাশ থেকে ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে।

নিহত ওই কৃষি শ্রমিকের নাম ঈমান মিয়া (২৬)। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

এর আগে, গতকাল বুধবার (১৩ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের কালনী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় শিক্ষক মো: সারোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে ঈমান মিয়াসহ কয়েকজন শ্রমিক হাওর থেকে ধান কেটে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ ঝড় শুরু হলে নৌকায় পানি উঠতে থাকে। একপর্যায়ে নৌকার পানি সেচার কাজে ব্যবহৃত সেঁউতি পানিতে পড়ে গেলে সেটি ধরতে যান ঈমান মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পারে পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার অভিযান চালানো হয়। বৃহস্পতিবার সকালে কালনী নদী থেকে নিখোঁজ ঈমান মিয়ার লাশ উদ্ধার করা হয়।