দুর্গাপুরে ভিজিএফের চালের কার্ড চাইতেই মারধর, হাসপাতালে ২ নারী

রাজনৈতিক পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Rajshahi
আহত নারীরা
আহত নারীরা |নয়া দিগন্ত

রাজশাহীর দুর্গাপুরে সরকারি ভিজিএফের চালের কার্ড চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তার পুত্রবধূকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপির কর্মীর বিরুদ্ধে। আহত দুই নারীকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়ানগর ইউনিয়নের ব্রহ্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরের সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতিদরিদ্র ও অসহায় পরিবারের জন্য ভিজিএফের চাল বিতরণের তালিকা প্রস্তুত করা হচ্ছিল। এ সময় ব্রহ্মপুর ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতা সুলতান আলী সম্ভাব্য উপকারভোগীদের ভোটার আইডি কার্ড সংগ্রহ করছিলেন।

তখন আলিমন বেগম (৬৫) ১০ কেজি চালের একটি কার্ডের জন্য আবেদন করলে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আলিমনের ছেলে জয়নাল আলী অভিযোগ করেন, তার মা কার্ড চাইলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘তোরা জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছিস তোদের কার্ড দেয়া যাবে না’ বলে অপমানজনক কথা বলেন এবং একপর্যায়ে কিল-ঘুষি মারেন।

আলিমন বেগম জানান, মারধরের একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার পুত্রবধূ রেশমা বেগমকেও (২৬) মারধর করা হয়। এতে তার হাতে গুরুতর আঘাত লাগে। পরিবারের সদস্যরা দাবি করেন, এসময় একটি শিশুও আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জয়নাল আলী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুলতান আলীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’