চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনা আগামী তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
সোমবার (৭ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো: আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এ সময় কোনো ধরনের টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের ঝরনাগুলোতে প্রবেশ করতে দেয়া হবে না।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে আকস্মিক ঢল, পাহাড় ধস ও ঝরনায় পানির প্রবল স্রোতের কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাই জননিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
রেঞ্জ কার্যালয় থেকে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের ইজারাদারকে নির্দেশ দেয়া হয়েছে, বন্ধের সময়কালে কোনো পর্যটককে ঝরনায় প্রবেশ করতে না দেয়া এবং টিকিট বিক্রি সম্পূর্ণ বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
এ বিষয়ে কথা বলতে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা মো: আশরাফুল আলমের যোগাযোগ করতে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল ধরেননি।
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশী। এসময় ঝরনায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে ইজারাদারদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।



