দামুড়হুদায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নয় মাস বয়সী শিশু আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি গর্তের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Damurhuda
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু |নয়া দিগন্ত গ্রাফিক্স

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে ও দুপুরে উপজেলার নাটুদা ও কুড়ুলগাছি ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত দু’জন হলো— চার বছরের শিশু রুফাইয়িত হোসেন ও নয় মাস বয়সী শিশু আনিসা।

শিশু রুফাইয়িত হোসেন মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারি গ্রামের আসমান আলীর ছেলে। অন্য শিশু আনিসা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়া এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, মায়ের সাথে নাটুদা ইউনিয়নের বোয়ালমারি গ্রামে নানা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে আসে শিশু রুফাইয়িত। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

এর কয়েক ঘণ্টা পর দুপুরে উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর খামারীপাড়া এলাকায় পানিতে ডুবে আরেক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। নয় মাস বয়সী শিশু আনিসা অসাবধানতাবশত বাড়ির পাশের একটি গর্তের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করলেও আর বাঁচানো সম্ভব হয়নি।

একই দিনে দুই শিশুর এমন করুণ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের মাতম। স্থানীয়রা বলছেন, একটু অসতর্কতাই কেড়ে নিল দু’টি নিষ্পাপ প্রাণ।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, একটি ঘটনায় স্বজনদের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য ঘটনাতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।