মৌলভীবাজারের লাউয়াছড়া বনে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশনমাস্টার শিপলু সূত্রধর নয়া দিগন্তকে জানান, সকাল ৬টা ২৩ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশন ত্যাগ করে সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। লাউয়াছড়া জাতীয় উদ্যানে পৌঁছার পর ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে গেলে এ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।
তিনি আরো জানান, এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়ে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হলেও ইঞ্জিন সঙ্কটের কারণে সময় লাগে। পরবর্তীতে উপবন ট্রেনটি ভানুগাছ রেল স্টেশনে পৌঁছার পর রেললাইন স্বাভাবিক হয়।



