ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার রুমে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা |সংগৃহীত

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এরাইভাল ইমিগ্রেশন বিভাগের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১১টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সার্ভার রুম থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে কর্তব্যরত কর্মীরা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

সিলেট ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম জানায়, আগুনের সংবাদ পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলায় সার্ভার রুমে এই আগুন লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া, আগুনে হতাহত হওয়ার সংবাদও পাওয়া যায়নি।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইটের ইমিগ্রেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন সার্ভার রুমে আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে মহানগর পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি এসি পুড়ে যায় ও প্রচুর ধোয়া সৃষ্টি হয়।

বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, হঠাৎ করেই সার্ভার রুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন এবং ফায়ার সার্ভিসকে অবহিত করেন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরও সার্ভার রুমে প্রচুর ধোঁয়া ছিল। সার্ভার রুম হওয়ায় এখানে সংবেদনশীল যন্ত্রপাতি রয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত রুমসহ অন্যান্য যন্ত্রপাতির সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাই করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কাজ করছি।