সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পুরান নোয়াকুট গ্রামে জামে মসজিদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ফজল উদ্দিন (৪৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ফজল উদ্দিন একই গ্রামের সুনু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের টাকার হিসাব ও কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের দু’টি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে হিসাব-নিকাশ নিয়ে আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন ফজল উদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘মসজিদের টাকার হিসাব নিয়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। বর্তমান গ্রাম পুরুষ শূন্য। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেয়া হবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’



