চট্টগ্রামের মিরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করা এবং তা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার কারণে এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১০ মে) উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো: আবছার উদ্দিন স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মো: আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি নষ্ট করেছেন। তিনি প্রকাশ্যে ধূমপান করা এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মো: আবছার উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজের সুনাম রয়েছে। এইচএসসি পরীক্ষায় বোর্ডে ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী নির্দেশ অমান্য করে ধূমপান করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার কারণে কলেজের ভাবমূর্তি নষ্ট হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।’



