কুমিল্লার গোমতীর চর থেকে মাটি কাটা রোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, ‘আজ থেকে গোমতীর এক ইঞ্চি মাটিও কাউকে কাটতে দেয়া হবে না।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লা সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
হাজী আমিনুর রশীদ ইয়াছিন জানান, কৃষি জমিতে হেভি মেটালের মাত্রা বেড়ে যাওয়ায় উর্বরতা কমছে এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। এ সমস্যা সমাধানে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
সভায় জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার আসাদুজ্জামান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো: আব্দুর রউফ, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান, পরিচালক শামসুল আলম, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ দফতরের পরিচালক এস এম কায়সার আলী এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা।
উল্লেখ্য, মন্ত্রী হওয়ার পর আমিনুর রশীদ ইয়াছিন প্রথমবারের মতো কুমিল্লায় আসেন। তাকে শুভেচ্ছা জানাতে সার্কিট হাউজে আসেন বিভিন্ন দফতরের কর্মকর্তা, কুমিল্লার সুধী সমাজ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।



