মৌলভীবাজারের বড়লেখায় বাড়ির পাশের জঙ্গল থেকে আব্দুল হক (৬৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার ডান কানের লতি কাটা ও মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। স্বজন ও পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে যায়।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল হক ওই গ্রামের মরহুম সোয়াব আলীর ছেলে এবং দাসেরবাজার ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতে স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি জঙ্গলে আব্দুল হকের লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ সময় তার ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায়।
নিহতের চাচাতো ভাই মাসুক উদ্দিন বলেন, শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আব্দুল হক। এরপর আর বাড়ি ফেরেননি। তাদের জানামতে, তার সাথে কারো কোনো শত্রুতা ছিল না। তিনি সহজ-সরল মানুষ ছিলেন। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তদন্ত করে রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, আব্দুল হকের ডান কানের লতি কাটা এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ জঙ্গলে ফেলে রেখে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।



