নারায়ণগঞ্জ রূপগঞ্জে উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়াকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
যুবদলের কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেশিশক্তি প্রদর্শন ও রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদানের মতো গুরুতর অভিযোগে শামীম মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ বহিষ্কারাদেশ কার্যকর করার সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, বহিষ্কৃত শামীম মিয়ার ব্যক্তিগত কোনো অপকর্মে দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সাথে রূপগঞ্জসহ সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।



