বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রামসহ সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধে আরো কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের হালিশহর, সীতাকুণ্ড, ফেনী, কক্সবাজার উখিয়া, রামপুরা, নরসিংদী, গাইবান্ধা ও ভোলাসহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছে, কেউ কেউ প্রাণও হারিয়েছে। প্রশাসন যথাযথভাবে দায়িত্ব পালন করলে এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হতো।’
মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম ফজলুল হক, ডা: সিদ্দিকুর রহমান, মহানগরী কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ আমির হোছাইন, ফখরে জাহান সিরাজী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, মাওলানা মমতাজুর রহমান, অধ্যাপক মুহাম্মদ নুর, মাহমুদুল আলম, ফারুকে আজম, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী ও মুহাম্মদ ইসমাঈল প্রমুখ।



