বোদা (পঞ্চগড়) সংবাদদাতা
পঞ্চগড়ের বোদায় বিজ্ঞান মেলার উদ্বোধন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন এবং তাদের কাছ থেকে নতুন উদ্ভাবনী বিষয়ে জানেন। পরে একই মঞ্চে তিনি বোদা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
পরে সম্প্রতি কালবৈশাখি ঝড়ে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ টাকা, চাল ও শুকনা খাবার বিতরণ করেন তিনি। এসব সামগ্রী বিতরণ শেষে আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়সহ উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।


