শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে চালকসহ নিহত ২

বাড়ৈখালী থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি বাসের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালকসহ দু’জন গুরুতর আহত হন।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন |প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাস ও নসিমনের (ইঞ্জিনচালিত গাড়ি) মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালকসহ দু’জন নিহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নসিমনচালক মজনু (৩৬) ও দুলাল মনি দাস (৪২)।

নিহত নসিমনচালক মজনু ফরিদপুরের বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে। তিনি বাড়ৈখালী এলাকার মদনখালীর রাসেল বাবুর বাড়ির ভাড়াটিয়া। নিহত দুলাল বাড়ৈখালীর শিবরামপুরের পরলোকগত সাধন মনি দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ৈখালী থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি বাসের সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনের চালকসহ দু’জন গুরুতর আহত হন। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নসিমনচালক মজনু ও দুলাল মনি দাসকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুলাল মনি দাসের ভাই স্বপণ মনি দাস বলেন, মজনু ও আমার ভাই দুলাল সাপ্তাহিক শিবরামপুর হাট থেকে নসিমনে করে কাঠ নিয়ে হাঁসাড়া যায়। কাঠ নামিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির বৈশাখী বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে আমার ভাইসহ চালকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পর বৈশাখী বাসটি চালিয়ে ঘাতক চালক দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।

শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর হাবিবুর রহমার বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। বাসটি শনাক্তের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।