ডা: তাহের

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার হতে হবে

‘চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের
বক্তব্য রাখছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের |নয়া দিগন্ত

জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘সুন্দর চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

তিনি বলেন, ‘জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারী, ত্যাগের মানসিকতা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী, জনকল্যাণে নিজেদের বিলিয়ে দেয়া এবং সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় আপসহীন থাকতে হবে।’

শনিবার (২০ জুন) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা: তাহের বলেন, ‘চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণসহ শিক্ষার মান উন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও মেরামত, ইউনিয়ন পরিষদগুলোর নতুন ভবন নির্মাণসহ আইনশৃঙ্খলা উন্নতির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় ডলি রিসোর্টে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম, উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডা: মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়ন আমিরবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিপুল সংখ্যক দায়িত্বশীল।