এটিএম মাছুম

হাসিনার মতো জনগণের সাথে ফ্যাসিবাদী আচরণ করছে সরকার

এটিএম মা’ছুম বলেন, ‘বিএনপির কাঁধে স্বৈরাচারের ভূত চেপে বসেছে। গণভোটের গণরায় বাস্তবায়নের পরিবর্তে তারা জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের কর্মকাণ্ডে জনগণ আশঙ্কা করছে, গণভোটের রায় বাস্তবায়নে আবারও রাজপথে নামতে হতে পারে।’

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম অভিযোগ করে বলেছেন, বর্তমান সরকার জনগণের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মতো ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি দাবি করেন, সরকার জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে ভিন্ন অবস্থান নিয়েছে, যা জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

শনিবার চাঁদপুর শহরের রাজবাড়ী কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এটিএম মা’ছুম বলেন, ‘বিএনপির কাঁধে স্বৈরাচারের ভূত চেপে বসেছে। গণভোটের গণরায় বাস্তবায়নের পরিবর্তে তারা জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সরকারের কর্মকাণ্ডে জনগণ আশঙ্কা করছে, গণভোটের রায় বাস্তবায়নে আবারও রাজপথে নামতে হতে পারে।’

তিনি আরো বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গঠনের পরিবর্তে নতুন বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। জনগণকে স্বাবলম্বী করার পরিবর্তে নির্ভরশীল করে রাখার চেষ্টা চলছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার অবশিষ্ট অংশও ধ্বংসের নীলনকশা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে, যা জনগণ মেনে নেবে না।’

জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী, মাওলানা আবদুর রহীম পাটওয়ারী ও অধ্যক্ষ শফিকুল আলম হেলাল।

এ ছাড়া জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হোসাইনসহ জেলা ও শহর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন মুহাদ্দিস আবু নসর আশরাফী।

রুকনদের উদ্দেশে এটিএম মা’ছুম বলেন, ‘রুকনরা জামায়াতে ইসলামীর মূল শক্তি। তাদের ভূমিকার ওপরই ইসলামী আন্দোলনের অগ্রগতি নির্ভর করে। জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।’