কুমিল্লার মুরাদনগর উপজেলার বাহেরচরে নারীকে নিপীড়ন ও বিবস্ত্রের ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনার প্রধান অভিযুক্ত শাহপরানকে পর্নোগ্রাফি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৫ জুলাই) কুমিল্লার আমলী আদালত-১১-এর বিচারক মমিনুল হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কুমিল্লা কোর্ট পুলিশের পরিদর্শক মো: সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে এ মামলার তদন্ত মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) কর্মকর্তা রুহুল আমীন রোববার শাহপরানের রিমান্ড আবেদন করবেন বলে একটি সূত্র জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, শাহপরানকে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলার থেকে গ্রেফতার করে র্যাব-১১-এর একটি দল। গ্রেফতারের পর ঢাকায় র্যাব সদর দফতরে প্রেস ব্রিফিং করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানান তারা। শনিবার তাকে কুমিল্লার আদালতে তোলা হলে বিচারক শাহপরানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন, নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী ধর্ষণ ও পর্নোগ্রফি আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেন। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী গ্রেফতার হলেও তিনি এখনো পুলিশ হেফাজতে থেকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার শাহপরান ছাড়াও এ মামলার চার আসামিকে তিন দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কারাগারে থেকে শনিবার (৫ জুলাই) বিকেলে তাদের জিম্বায় থানায় নিয়ে গেছেন। তারা হলেন একই গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক।



