কুড়িগ্রামে ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে মোট ২৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সাথে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ না করা পর্যন্ত ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে পরিবেশ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের ফুলবাড়ি ও ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে এসব জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ফুলবাড়ি উপজেলার আজোয়াটারী এলাকায় অবস্থিত মেসার্স ডব্লিউ এ এইচ ব্রিকসকে আট লাখ টাকা, মেসার্স এ বি ব্রিকসকে আট লাখ টাকা ও মেসার্স এম এস এইচ ব্রিকসকে আট লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার মেসার্স ডিএমএইচ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার সম্পূর্ণ অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সদর দফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রেজাউল করিম।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদফতর জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



