ফ্যামিলি কার্ড নিয়ে যারা উপহাস করেছে তাদের মুখে ছাঁই পড়েছে। মাত্র এক মাসের মাথায় এই কর্মসূচি শুরু করা হয়েছে। অন্য কোনো প্রধানমন্ত্রীর পক্ষে এত দ্রুত এটা করা সম্ভব হতো না বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে নীলফামারীর সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের মতো নেতৃত্বই শুধু এত দ্রুত নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তৎপর। তিনি এতটা আন্তরিক বলেই এটা সম্ভব হয়েছে। একইসাথে খাল খনন কর্মসূচিও শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আগামী ১৬ মার্চ এই কর্মসূচিরও শুভউদ্বোধন করবেন তিনি।
তিনি বলেন, উত্তরাঞ্চল থেকে এই কার্যক্রম শুরু করা হবে। সে লক্ষ্যে ওই দিন প্রধানমন্ত্রী সৈয়দপুরে প্রথম পদার্পন করবেন। এপ্রিলের মধ্যে কৃষক কার্ডেরও উদ্বোধন করা হবে। এ ছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে শুরু হয়েছে। ২৫ হাজার বৃক্ষ রোপন করা হবে।
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাথে এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদও ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহীন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি সদস্য ও সাবেক এমপি বিলকিস ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, দফতর সম্পাদক নজরুল ইসলাম লালবাবু, যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, ছাত্রদলের সভাপতি প্রকৌশলী আরমান হোসেন, সাধারণ সম্পাদক রাব্বি প্রমুখ।
এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতৃবৃন্দ, পেশাজীবি, ব্যবসায়ী, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার মুহতামিম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।



