চট্টগ্রামে টাকা না পেয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

‘১ লাখ টাকা দিলে ৪০০ ইয়াবা দিয়ে মামলা দেবেন। একেবারে ছেড়ে দিতে হলে দুই লাখ টাকা লাগবে।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
চট্টগ্রামে টাকা না পেয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত
চট্টগ্রামে টাকা না পেয়ে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে দুই লাখ টাকা না পেয়ে এক ব্যক্তিকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার পর মঙ্গলবার (১২ আগস্ট) তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত দুই পুলিশ সদস্য হলেন- নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বন্দর অঞ্চলের উপ-পরিদর্শক (এসআই) মো: মহসিন ও কনস্টেবল মো: আজাদ।

এর আগে গত সোমবার অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করেন নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা সাবিনা আক্তার। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান বাদির আইনজীবী আফজাল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ জুলাই বাদির ভাই জাকির হোসেনকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। পরে তার কাছে দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু টাকা দিতে পারবে না বলায় তাকে মারধর করা হয়। একপর্যায়ে বাদি খবর পেয়ে নগরের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে যান। সেখানে অভিযুক্ত ব্যক্তিরা বাদিকে বলেন, তার ভাইয়ের কাছে তিন হাজার ইয়াবা পেয়েছেন। ১ লাখ টাকা দিলে ৪০০ ইয়াবা দিয়ে মামলা দেবেন। একেবারে ছেড়ে দিতে হলে দুই লাখ টাকা লাগবে। পরে বাদি তার ভাইয়ের স্ত্রীর সাথে বিষয়টি আলাপ করেন। কিন্তু এত টাকা দেয়া সম্ভব না হওয়ায় বিষয়টি ডিবির দুই পুলিশ সদস্যকে জানানো হয়। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তারা ৪০০ ইয়াবা উদ্ধার দেখিয়ে পরদিন ২৩ জুলাই ডবলমুরিং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো: আবু বকর সিদ্দিক বলেন, প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্তদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।