নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদেও অংশ গ্রহণে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৫-২৬ এর ট্রফি উন্মোচন ও উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে শরীর চর্চা শিক্ষা দফতর কতৃক আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক বলেন, জয়-পরাজয় খেলারই অংশ। এ বিষয়টি মাথায় রেখে আমাদের খেলায় অংশ গ্রহণ করতে হবে। আমি আশা করবো আমাদেও শিক্ষকরা মাঠে উপস্থিত থাকবেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করবেন। নোবিপ্রবি কেন্দ্রীয় মাঠের সৌন্দর্য্য বৃদ্ধিও জন্য শরীর চর্চা শিক্ষা দফতরসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি এবং নোবিপ্রবির অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীর চর্চা শিক্ষা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো: রুহুল কবির। দফতরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দে এবং মাহমুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নিজামউদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক ড. মো: শিবলুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. গাজী মো: মহসিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও খেলোয়াড়রা।



