দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলো কী ধরনের প্রস্তুতি নিয়েছে এবং রোগীদের চিকিৎসায় কতটা কার্যকর ভূমিকা রাখছে, তা দেখতে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় উপদেষ্টা ডা: মাজহারুল আলম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সৌজন্য পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ বিভিন্ন চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। বিশেষ করে ডেঙ্গু রোগীদের চিকিৎসা, জরুরি পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালের প্রস্তুতি, প্রয়োজনীয় চিকিৎসা-সুবিধা এবং জনবল সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ নেন। একই সাথে দেশে হামের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিস্থিতি সম্পর্কেও অবহিত হন।
পরিদর্শনকালে ডা: মাজহারুল আলম হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর মুমিন খানসহ কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। এ সময় মেজর জেনারেল (অব.) মাহবুব, কর্নেল (অব.) সাজ্জাদ জিলানী, মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিনি হাসপাতালের আধুনিক লাইব্রেরি, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মেসি, কমিউনিটি মেডিসিন, ফিল্ড মিউজিয়াম ও স্কিল মেডিক্যালসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন।
দেশী-বিদেশী শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে ডা: মাজহার তাদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও মানুষের সেবায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসাসেবা, শিক্ষা কার্যক্রম ও সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবায় নিয়োজিত ব্যক্তিরা এ ধরনের প্রতিষ্ঠানের কার্যক্রম দেখার সুযোগ পেলে চিকিৎসাসেবা পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কে অনেক কিছু শেখার সুযোগ পাবেন বলেও মন্তব্য করেন ডা: মাজহারুল আলম।
পরিদর্শনকালে শিক্ষা অধিদফতরের উপপরিচালক অধ্যাপক মো: শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।



