টাঙ্গাইলে জাল নোটের একটি মামলায় পাঁচ বছর পর ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছে আদালত।
সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো: হাফিজুর রহমান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত ওয়াজ উদ্দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে।
টাঙ্গাইলের অ্যাডভোকেট মো: শফিকুল ইসলাম রিপন জানান, আসামি ওয়াজ উদ্দিন ২০২১ সালের ২৭ জুন সকালে একটি দোকানে গিয়ে চারটি স্পিড (কোমল পানীয়) কিনে দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। নোট দেখে জাল সন্দেহ হলে দোকানদার উপস্থিত লোকজনকে ওই নোটটি দেখালে তারাও এটি জাল বলে সন্দেহ করেন।
পরে দেলদুয়ার থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ওয়াজ উদ্দিনকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে আরো চারটি এক হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। এ ঘটনায় দেলদুয়ার পশ্চিমপাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন থানায় মামলা করেন।
২০২২ সালের ২ মার্চ আসামির বিরুদ্ধে চার্জশীট দেয় পুলিশ। বিচার শেষে আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক।



